রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে মব সৃষ্টি করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি। মামলার এজাহারে তার নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরীর প্যারামেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, রামেবির ঘটনায় ভিসির পিএস নাজমুল হোসাইন মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির তদন্তে আব্দুস সালামের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
মামলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একদল ব্যক্তি মিছিল নিয়ে জোরপূর্বক রামেবির উপাচার্যের কার্যালয়ে ঢোকেন। উপাচার্যকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে আগে থেকে লিখে আনা একটি পদত্যাগপত্রে উপাচার্যের স্বাক্ষর নেওয়া হয়। এরপর তাকে কার্যালয় থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সময়ে উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ ও সিসিটিভির যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ ঘটনায় ভিসির পিএস নাজমুল হোসাইন রাজপাড়া থানায় মামলা করেন। এতে কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আব্দুস সালামকে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আব্দুস সালামের গ্রেপ্তারের বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন আর রশিদ মামুন বলেন, রামেবির ভিসিকে মব সৃষ্টি করে জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনায় বিএনপি জড়িত নয়। কেউ জড়িত থাকলে তিনি ব্যক্তিগতভাবে সেখানে গিয়েছেন। বিএনপি সবসময় মবের বিপক্ষে অবস্থান করে। তবে ব্যক্তিগতভাবে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।












-547330-256x144.webp)


