সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে শুভঙ্কর মণ্ডল (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বংশীপুর লস্কর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ জানান, শুভঙ্কর শ্যামনগরের হরিনগর গ্রামে বিয়ে-সংক্রান্ত একটি কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বংশীপুর এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি দ্রুতগতির বিআরটিসি বাস পেছন থেকে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সাতক্ষীরার সমাজকর্মী ও সাংবাদিক আব্দুল আহাদ বলেন, ভেটখালী-সাতক্ষীরা সড়কটি সংস্কারের নামে কয়েক বছর ধরে খোঁড়াখুঁড়ি চলছে। সড়কের বিভিন্ন অংশ কর্দমাক্ত থাকায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তার ভাষ্য, এই সমস্যার কারণেই তরতাজা তরুণ শুভঙ্কর মণ্ডলকে প্রাণ হারাতে হলো। সড়কটির সমস্যা দ্রুত সমাধান করা জরুরি।

















