খুলনায় ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ পরিদর্শক আহত হওয়ার পর রাতে একা চলাচল না করতে সদস্যদের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। বিশেষ অভিযানসহ দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি মৌখিকভাবেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
শুক্রবার ভোররাতে বিশেষ অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। এ সময় তাঁর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত শাহ আলমকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
ঘটনার পর বিশেষ অভিযানে অংশ নেওয়া ও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সতর্ক করে চিঠি দেয় খুলনা জেলা পুলিশ। এতে বলা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা উপজেলায় বিশেষ অভিযান চলছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং রাতে একা চলাচল করা যাবে না।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক সমকালকে বলেন, সন্ত্রাস দমনে চারটি উপজেলায় বিশেষ অভিযান চলছে। অভিযান শেষে রাতে নদী পার হয়ে খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম। তিনি সাদা পোশাকে থাকায় ছিনতাইকারীরা তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনার পর অন্য সদস্যদের সতর্ক করতে চিঠি দেওয়া হয়েছে। যেকোনো অভিযান পরিচালনার আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অসতর্কভাবে চলাচলের কারণে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি জানান, সদস্যদের সতর্ক করতে মৌখিক নির্দেশনার পাশাপাশি লিখিত নির্দেশনাও দেওয়া হয়েছে।


















