আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

নড়াইল প্রতিনিধি
সংঘর্ষে চারজনের প্রাণহানির পর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত
সংঘর্ষে চারজনের প্রাণহানির পর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা-ছেলেসহ দুপক্ষের চারজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫) ও তাহাজ্জুদ শেখ (৪০) সম্পর্কে বাবা ছেলে। এ ছাড়া ফেরদৌস শেখ (৩৩) ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসিবুর মিয়া (৬৫) নিহত হয়েছেন। ফেরদৌস সম্পর্কে খলিল শেখের আত্মীয়।

স্থানীয়দের বরাত দিয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে সোমবার সেহেরির সময় খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, হামলায় একপক্ষের তিনজন ও আরেকপক্ষের একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ওসি ওলি মিয়া বলেন, সংঘর্ষে পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন বলে জেনেছি। গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement