ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত মো. রুবেল মিয়া (৩০) মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
সোমবার (৪ আগস্ট) রাতের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মো. রুবেল মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রুবেলের স্ত্রী সানজিদা বেগম জানান, সোমবার রাতে রুবেল বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশের নিচের অংশে লাগে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ঝিনাইদহ থেকে এক যুবক হাসপাতালে এসেছেন এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, বিএসএফের গুলিতে তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এদিকে, বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুল ইসলাম বলেন, শ্যামপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


















