খুলনা-ঢাকা বন্ধ বাস চলাচল, বিকল্প পথে ৩ গুণ ভাড়া আদায়ের অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও আজ রোববারও কোনো বাস ছাড়েনি। বিকল্প হিসেবে যশোর-আরিচা রুটে কিছু পরিবহন চলাচল করছে। এতে যাত্রীদের অতিরিক্ত ৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এই সুযোগে কয়েকটি পরিবহন তিন গুণ বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
রয়্যাল মোড়ের কয়েকটি বাস কাউন্টার ঘুরে জানা গেছে, পরিবহন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় শনিবার বিকেল থেকে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বাস বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে কিছু পরিবহন যশোর-মাগুরা-আরিচা রুট ব্যবহার করছে। তবে মাওয়া রুটে ঢাকায় যাওয়ার আগাম টিকিট কাটা যাত্রীদের টিকিট ফেরত দিয়ে বিকল্প আরিচা পথে যাতায়াত করতে হচ্ছে। এতে বাড়তি ভাড়া ও দীর্ঘ পথের কারণে তাঁদের ভোগান্তি বেড়েছে।
রয়্যাল মোড়ে সোহাগ পরিবহনের ব্যবস্থাপক মো. ইয়ামিন হোসেন জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শনিবার বিকেল থেকে পদ্মা সেতু রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও পরিবহনের নিরাপত্তায় রাত থেকে যশোর-আরিচা রুটে বাস চলছে। রোববার দুপুর আড়াইটা পর্যন্ত তাঁদের নয়টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। সোমবার পরিস্থিতি স্বাভাবিক হলে আগের রুটে বাস চলাচল শুরু হতে পারে বলে আশা করেন তিনি।
ইমাদ পরিবহনের টিকিট বিক্রেতা মো. মিরাজুল ইসলাম জানান, রোববার খুলনা থেকে তাঁদের কোনো বাস ঢাকার উদ্দেশে ছাড়েনি। তাঁদের বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করে। গোপালগঞ্জে পরিস্থিতি অস্থিতিশীল থাকায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ‘অফিস খোলা রাখলেও ঝামেলা, আবার বন্ধ রাখলেও ঝামেলা। মূল অফিস থেকে খোলা রাখার নির্দেশনা দেওয়ায় কাউন্টার খোলা রেখেছি।’
গ্রিন লাইন পরিবহনের টিকিট বিক্রেতা মোস্তফা কামাল বলেন, রোববার ঢাকার উদ্দেশে তাদের কোনো বাস ছাড়েনি। শনিবার রাত থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো বাস গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে না। অন্যদিকে কাউন্টারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল সোমবার বিকেল থেকে পদ্মা সেতু রুটে বাস চলাচল পুনরায় শুরু হতে পারে।


-27acd3.jpg)










-b83f2d.jpg)

