হিমছড়ি সৈকতে ঢেউয়ে ভেসে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩), আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া নাফিসুল হক নিবিড় (২২) নামে একজন নিখোঁজ হয়েছেন, নিখোঁজ আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
সৈকতকর্মী মাহবুব রহমান জানান, বুধবার সন্ধ্যায় একদল পর্যটক একটি দল হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউ ও স্রোতের টানে কয়েকজন পর্যটক ভেসে যান। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় তার।
রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, হিমছড়ি সৈকতে প্রবল ঢেউ ও স্রোতে কয়েকজন পর্যটক ভেসে গিয়েছিলেন। স্থানীয়রা দুজনকে মৃত ও একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করেন। জীবিত অবস্থায় উদ্ধার ওই পর্যটক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে খবর পেয়েছি। আরও দুই পর্যটক নিখোঁজের তথ্য রয়েছে। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।











-91653c-256x144.webp)
-bf5e38-256x144.webp)
