জমির বিরোধে নিউ গিনি প্রোপার্টিজে ফের মারামারি, আটক ১২ জন

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে শুরু হওয়া হট্টগোল একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় ১২ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক মো. আল আমিন। তিনি বলেন, দুই পক্ষই জমির মালিকানা নিজেদের বলে দাবি করছে। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে হট্টগোল তৈরি হয়, পরে মারামারি হয়। তবে বিরোধে জড়িত দুটি পক্ষের পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে বিস্তারিত জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
সন্ধ্যা ৬টার দিকে ক্যান্টনমেন্ট থানার এসআই শিল্পী জানান, ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে তখনো তাদের নাম-ঠিকানা নথিভুক্ত করা হয়নি। তিনি বলেন, “মাত্রই তাদেরকে নিয়ে আসা হয়েছে, এখনো তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই শেষে ঊর্দ্ধতনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এর আগে একজন ৯৯৯-এ ফোন করে নিউ গিনি প্রোপার্টিজে আবার হামলার অভিযোগ জানিয়েছিলেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
ওই ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে আসার কথা জানিয়েছিল পুলিশ। হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করার কথা জানিয়েছিল পুলিশ। এর মধ্যেই একই স্থানে আবারও দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটল।









-73bad5-256x144.webp)



