ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি মিছিল বের হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরু হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির আরেকটি গ্রুপ কদমতলী এলাকায় আসে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এতে পুরো কদমতলী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত অন্তত ১৫ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ বলেন, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ছিল। উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad