আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিকভাবে শ্রমিকদের ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ এবং ছাঁটাই হওয়া পোশাকশ্রমিকদের পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শুরু হওয়া শ্রমিক আন্দোলনের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ছয় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরিস্থিতি বিবেচনায় এবং কারখানায় ভাঙচুরসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়ার কাঠগড়া, জিরাব, নরসিংহপুর ও আমতলাসহ আশপাশের এলাকার ২৫টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে সংঘর্ষের মধ্যেই শনিবার দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ কারখানার সামনে থেকে হাতবোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফয়সাল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে হাতবোমাসদৃশ তিনটি বস্তু পাওয়া গেছে। সংঘর্ষে শিল্প পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, কারা এসব বস্তু সেখানে নিয়ে এসেছে বা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আশুলিয়া থানাকে জানানো হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।












-d6798b-256x144.webp)

