শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ২৬৪ কারখানা বন্ধ, আহত ১২ পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার সকালে আশুলিয়ায় পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত
সোমবার সকালে আশুলিয়ায় পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষে অস্থির হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চল। আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের একাধিক দফা সংঘর্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ পরিস্থিতিতে আশুলিয়াসহ আশপাশের এলাকার ২৬৪টি পোশাক কারখানায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া কারখানাগুলোতে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন কারখানার সামনে ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিক্ষেপের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার পিকার্ড বাংলাদেশ, জনরন সোয়েটার, ফেরারী গার্মেন্টস, ডেনিটেক্স, আনলিমা টেক্সটাইল, আল ইসলাম টেক্সটাইল ও জি.কিউ. ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া আর্টিস্টিক ডিজাইন লিমিটেড কারখানার সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানেও আগুন দেওয়া হয়।

পুলিশ ও শ্রমিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের বিক্ষোভে বহিরাগত ও দুষ্কৃতকারীরা যোগ দিয়েছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। শিল্পাঞ্চলে ২৪ ঘণ্টা নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণে ঢাকা জেলা পুলিশের সদস্যরাও তাঁদের সঙ্গে কাজ করছেন।

গাজীপুর ও নারায়ণগঞ্জেও সড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরেও টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল থেকে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় তারা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। জেলা ও মহানগরের বিভিন্ন স্থানে তাঁদের মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে তাঁরা অবরোধ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

মজুরি বোর্ড গঠন, কাজে ফেরার আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে কাজে ফেরার আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার শ্রমিক নেতাদের সঙ্গে এবং শনিবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। দুই পক্ষের সঙ্গে আলোচনার পর রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়।

বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। অন্য সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ ও আনোয়ার হোসাইন।

এই বোর্ড সব পদে শ্রমিকদের জন্য নিম্নতম মজুরির সুপারিশ করবে। পরে বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করে গেজেট প্রকাশ করবে।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরের মাস থেকে শ্রমিকেরা বর্ধিত মজুরি পেতে শুরু করেন। সাধারণত প্রতি পাঁচ বছর পরপর পোশাক খাতের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে বোর্ড গঠন করা হয়। তবে গত ১০ এপ্রিল সংসদে পাস হওয়া শ্রম আইন সংশোধন বিলে এ সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সে হিসাবে চলতি নভেম্বরেই নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের কথা ছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad