নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরের (২৮) বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার তিনগাঁও উত্তরপাড়ায় নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন মনির।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মনিরকে আটক করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।
নিহতের পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, বিয়ে-বহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে সুফিয়া ও মনিরের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সুফিয়া নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।
পরিবারের সদস্যদের অভিযোগ, ভোরে ঘুমন্ত অবস্থায় সুফিয়ার গলায় ছুরি চালান মনির। পরে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন।
নিহত সুফিয়া বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী মনির রাজশাহীর গোদাগাড়ী থানার বাড়ৈইপাড়া এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুল মিয়ার ছেলে।

















