বিকাশ এজেন্টের গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী এই প্রাইভেট কারে গুলি চালিয়ে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত
শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী এই প্রাইভেট কারে গুলি চালিয়ে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক এজেন্ট প্রতিষ্ঠানের নগদ টাকা বহনকারী প্রাইভেট কারে গুলি চালিয়ে তিন কোটি টাকার বেশি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় প্রায় ১০টি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি গাড়িটির গতিরোধ করে এ হামলা চালান বলে অভিযোগ করেছেন গাড়িতে থাকা ব্যক্তিরা।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের এক হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গাড়িচালককে মারধর ও অপর এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে।

গুলিবিদ্ধ হিসাব ব্যবস্থাপকের নাম মো. হিমেল (২৯)। তিনি শ্রীপুরের বেড়াইদের চালা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব পালন করছেন। আহত অপর কর্মকর্তা মো. ফাহাদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক।

ঘটনার সময় গাড়িতে থাকা প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত জানান, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ টাকা আনতে শুক্রবার বেলা দেড়টার দিকে তারা প্রাইভেট কার নিয়ে সেখানে যান। জুমার নামাজের পর টাকা সংগ্রহ করে বিকেল সাড়ে চারটার দিকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হন।

হাসপাতালে এসে পুলিশ আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে। ছবি: সংগৃহীত
হাসপাতালে এসে পুলিশ আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে। ছবি: সংগৃহীত

রিফাতের ভাষ্য অনুযায়ী, তাদের গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে প্রায় ১০টি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি পথ আটকে দেন। একপর্যায়ে গাড়ি থামাতে বাধ্য হন তারা। এরপর হামলাকারীরা চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে হিমেলকে লক্ষ্য করে গুলি চালান। এতে তার পেটে গুলি লাগে। এ সময় গাড়িচালককে মারধর এবং ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়।

রিফাত বলেন, গাড়ির পেছনে তিন বস্তা টাকা ছিল। এর মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যান হামলাকারীরা। ওই দুই বস্তায় তিন কোটি টাকার বেশি নগদ অর্থ ছিল বলে দাবি করেন তিনি। পুরো ঘটনা এক থেকে দুই মিনিটের মধ্যে ঘটে বলেও জানান গাড়িতে থাকা ব্যক্তিরা।

হামলায় গাড়িচালক আহত হওয়ায় ফাহাদ নিজেই গাড়ি চালিয়ে হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement