বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ জেলে, ৩ দিন পর মিলল মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর অরুণ দাস (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাল্কহেডটি ঘটনার দিনই জব্দ করা হয়েছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচজনকে আটক করা হয়। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের কানু দাসের ছেলে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা সৌরভ দাস জানান, সোমবার দুপুরে সিলুন্দিয়া গ্রামের পূর্ব দিকে ধনু নদীতে ছোট একটি নৌকায় মাছ ধরছিলেন দুই ভাই অরুণ দাস ও সাগর দাস। এ সময় কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নদীপথে সুনামগঞ্জের দিকে যাওয়া একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
সাগর দাস সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ নদীতে নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিন দিন পর আজ বুধবার সকালে বাকসাই-সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খালে তার মরদেহ পাওয়া যায়।



















