পুলিশের ধাওয়ায় পালালেন চালক-আরোহী, মাইক্রোবাসে মিলল ৩০ কেজি গাঁজা

টাঙ্গাইল শহরে ট্রাফিক পুলিশের ধাওয়ার মুখে একটি মাইক্রোবাস সড়কে ফেলে চালক ও আরোহীরা পালিয়ে গেছেন। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শহরের রূপবানী সিনেমা হলের সামনে থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়। এটির সামনে টাইমস২৪.নেট-এর স্টিকার লাগানো ছিল।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, রাতে শহরের প্রধান সড়কের রূপবানী সিনেমা হলের সামনে ট্রাফিক ইন্সপেক্টর মো. হারুন অর রশিদের নির্দেশে এটিএসআই জহুরুলের নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়।
এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে সংকেত অমান্য করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাফিক সদস্যরা গাড়িটির পিছু নিলে চালক ও আরোহীরা সেটি সড়কে ফেলে পালিয়ে যান। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
রেজওয়ান সিদ্দিকী বলেন, মাইক্রোবাসটির সামনে টাইমস২৪.নেট লেখা একটি সংবাদমাধ্যমের স্টিকার লাগানো ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।



















