চট্টগ্রামে বাইকার দলের কাছে মিলল ১ লাখ ইয়াবা, আটক ৬

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৯: ৩৮
ইয়াবা পাচারে অভিযোগে আটক ৬ ব্যক্তি। ছবি: সংগৃহীত
ইয়াবা পাচারে অভিযোগে আটক ৬ ব্যক্তি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় একটি বাইকার দলের কাছ থেকে এক লাখ ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সরকারি কলেজ এলাকার অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।

আটকরা হলেন— মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজারের বিভিন্ন উপজেলায়।

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি বাইকার দলের সদস্য। তারা কক্সবাজারের রামু থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছিলেন। বাইক চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে তারা নিয়মিত ইয়াবা পাচার করে আসছিলেন।

র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম বলেন, চক্রটির ইয়াবা পাচারের তথ্য পেয়ে র‌্যাব নজরদারি শুরু করে। তারা চট্টগ্রামের দিকে আসছে— এমন তথ্যের ভিত্তিতে সকালে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদ-সংলগ্ন সড়কে অবস্থান নেয় র‌্যাব।

তাওহিদুল ইসলাম বলেন, এ সময় দলের আগে থাকা এক বাইকারকে আটকের পর অন্যদেরও আটক করা হয়। প্রথমে আটককৃত ব্যক্তি সড়কে রেকি করছিলেন। তার পেছনে থাকা চারটি বাইক থামিয়ে তল্লাশি করা হয়। একটি বাইকের তেলের ট্যাংকে এক লাখ ইয়াবা লুকানো ছিল। সেগুলো জব্দ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement