চট্টগ্রামে ট্রাকে তল্লাশি, মিলল ৩ লাখ ২০ হাজার ইয়াবা
-91653c-480x270.webp)
চট্টগ্রাম নগরের ডিটি রোডের মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন কক্ষ থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় ট্রাকটি জব্দের পাশাপাশি চালক রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাবনার আতাইকুল থানার ধর্মগ্রামের বাসিন্দা এবং মৃত সোহরাব আলীর ছেলে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার (দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কক্সবাজার থেকে একটি ট্রাক মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাবে।”
“এর ভিত্তিতে ডাবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ৪৩৮ ডিটি রোডে অবস্থিত দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়,” বলেন শরীফুল ইসলাম।
তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে গোয়েন্দা পুলিশের সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি করেন।
এ সময় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। পরে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়।








-bf5e38-256x144.webp)




