সীতাকুণ্ডে মহাসড়কের আইল্যান্ডে মাইক্রোবাসের ধাক্কা, নিহত মা-মেয়ে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে (বিভাজক) ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে গাড়িটির দুই যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬৫) এবং জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪৫)। সম্পর্কে তাঁরা মা-মেয়ে।

আহত ব্যক্তিদের মধ্যে মো. আলতাফ হোসেন (৫৫) নামে একজনের পরিচয় জানা গেছে। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মাইক্রোবাসটি চট্টগ্রামমুখী লেনে যাওয়ার সময় বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ কেন্দ্রের সামনে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি মহাসড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক রোজী আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল। তিনি জানান, হতাহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তারা ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে বান্দরবানে যাচ্ছিলেন। পথে সীতাকুণ্ডে দুর্ঘটনার শিকার হন।

এসআই মিল্টন মণ্ডল আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad