পতাকা বৈঠকের পর ফেরত এলেন বিএসএফের হাতে আটক ২ পুলিশ

কুমিল্লা প্রতিনিধি
পতাকা বৈঠকের পর ফেরত এলেন বিএসএফের হাতে আটক ২ পুলিশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে ফেরত আনা হয়েছে। শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে শশীদল সীমান্তের ২০৫৯ নম্বর পিলারের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি হয়। এতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

বৈঠকে বিএসএফ সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিনও তাঁদের ফেরত পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

ওসি ফারুক হোসেনের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইমরান ও রোহিত সিএনজিচালিত অটোরিকশায় করে রাতের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁরা উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁদের ধাওয়া করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে ভুলবশত সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন ইমরান ও রোহিত বলে জানান ওসি ফারুক হোসেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement