স্কুলে মারামারিতে জড়ানো সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষের মধ্যেই ধস্তাধস্তি ও মারামারিতে জড়ানো সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাদের দুজনকে বদলির সুপারিশও করা হয়েছে। এ সংক্রান্ত সুপারিশের চিঠি পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।
ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। অভিযুক্ত আফজাল হোসেন ও আসমা বেগম ২০১১ সালের দিকে ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। আফজাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আসমা সহকারী শিক্ষক।
আফজাল ও আসমা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগেও তারা বিদ্যালয়ে এমন হাতাহাতিতে জড়িয়েছেন বলে তথ্য মিলেছে।
জানা গেছে, ২০০৪ সালে ওই দম্পতির বিয়ে হয়। তবে বিরোধের কারণে প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকছেন। এ নিয়ে আদালতে মামলা চলছে। তাদের এক মেয়ে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।












-8bc2ef-256x144.webp)




