শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ছাগলনাইয়া উপজেলার শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনকালে এ তথ্য জানান ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বাহিনীটি। পূজার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে বিজিবি সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় বিজিবি অধিনায়ক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদযাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পরে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

















