দুর্গাপূজা: পর্যটকদের জন্য সাজেক উন্মুক্ত, সড়ক অবরোধ স্থগিত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে জনপ্রিয় পর্যটন এলাকা সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। কর্মসূচি স্থগিতের ঘোষণার পর জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে যৌথভাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয় দিন সড়ক অবরোধ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার পূজা উদ্যাপন কমিটির অনুরোধে এবং দুর্গাপূজার সার্বজনীন উৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত রাখা হয়েছে।
সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতিতে জানান, সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থেই কর্মসূচি ডাকা হয়েছিল। দুর্গাপূজার পর স্থানীয় বাসিন্দাদের তিন দফা দাবি ও শর্ত পূরণ না হলে পুনরায় কর্মসূচি কার্যকর করা হবে।
এদিকে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণার পর রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ অক্টোবর জারি করা নির্দেশনায় পর্যটকদের সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা পালটে সাজেক ভ্যালি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।












-c79025-256x144.webp)


