প্রাতঃভ্রমণে বের হয়ে মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুমিল্লায় মহাসড়কে প্রাতঃভ্রমণে বের হয়ে দ্রুতগতির অজ্ঞাত এক যানবাহনের চাপায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর হরিপুর মসজিদের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক যানবাহনটি শনাক্ত ও চালককে আটক করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণের উদ্দেশে বাড়ি থেকে বের হন এই দম্পতি। হাঁটার একপর্যায়ে তারা মহাসড়কের হরিপুর মসজিদের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনই ছিটকে সড়কের পাশে পড়ে যান।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদের দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটক করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।











-c79025-256x144.webp)



