কর্মবিরতি স্থগিত, ৫ ঘণ্টা পর কাজে ফিরলেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

পাঁচ ঘণ্টা কর্মবিরতির পর কাজে ফিরেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে তারা কাজে যোগ দিলে আবারও সচল হয় বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)। ক্রেন অপারেটররা কাজ শুরু করার পর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোও শুরু হয়।

এর আগে আন্দোলনরত শ্রমিকদের সাত প্রতিনিধিকে বন্দর ভবনে ডেকে বৈঠক করেন বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম। বৈঠক শেষে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রেখে কাজে ফেরার সিদ্ধান্ত নেন শ্রমিকরা। তবে কী সমঝোতার ভিত্তিতে তারা কাজে ফিরেছেন, তা জানা যায়নি।

বৈঠকে অংশ নেওয়া ক্রেন অপারেটর মামুন খান শ্রমিকদের কাজে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রাচুইটি ভাতা ও বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এ সময় এনসিটি ও সিসিটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ হয়ে যায়। ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শত শত শ্রমিক। তাদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকরাও।

কর্মবিরতির কারণে দুই টার্মিনালের কার্যক্রম বন্ধ হয়ে আমদানি-রপ্তানি পণ্য ওঠানো-নামানো ও পরিবহন ব্যাহত হয়। বন্দর থেকে পণ্য সরবরাহও বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি সামাল দিতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বন্দর পরিচালক।

আন্দোলনরত এক ক্রেন অপারেটর জানান, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছরের শুরুতে প্রতিষ্ঠানটি দায়িত্ব বুঝে নিতে পারে। এতে টার্মিনালে কর্মরত শ্রমিকদের চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ আশঙ্কা থেকেই তাঁর আন্দোলনে নেমেছেন।

ওই শ্রমিকের ভাষ্য, সিসিটিও বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া এগোচ্ছে। চাকরি নিয়ে একই ধরনের উদ্বেগ থেকে এ টার্মিনালের শ্রমিকেরাও কর্মবিরতিতে যোগ দেন।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠা-নামার প্রায় ৬২ শতাংশ হয় এনসিটি ও সিসিটির মাধ্যমে। এর মধ্যে এনসিটিতে প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটিতে প্রায় ১৬ শতাংশ কনটেইনার ওঠা-নামা হয়।

এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দিতে সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কনসেশন চুক্তি হয়েছে। দরপত্র ছাড়াই করা এ চুক্তির আওতায় কয়েক মাসের মধ্যে টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে। এর আগপর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে এনসিটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। এত দিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করছে সরকার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad