লরির ধাক্কায় বাস উলটে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৩: ৫৮
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি মিনিবাস উলটে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের গেইটের বিপরীতে এক সহপাঠীসহ মাইশা একটি লোকাল বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে একটি লরি ৮ নম্বর রুটের একটি মিনিবাসকে ধাক্কা দিলে সেটি উলটে যায়। এতে মাইশা নিচে চাপা পড়ে।”

প্রক্টর মোস্তফা মুনির আরও বলেন, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে মাইশাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান প্রক্টর।

হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার সার্জেন্ট শফিকুল ইসলাম শুভ বলেন, “ঢাকামুখী লেইনে ইউটার্ন করার সময় একটি কারকে বাঁচাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশে দাঁড়ানো একটি মিনিবাসকে ধাক্কা দিলে সেটি উলটে যায়।” দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চট্টগ্রামমুখী লেনেও যানজটের সৃষ্টি হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad