কক্সবাজার সৈকতে ট্রলার ফেলে পালাল পাচারকারীরা, উদ্ধার ২৮ জন

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৪: ৩৯
কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার থেকে উদ্ধার ২৮ জন। ছবি: সংগৃহীত
কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার থেকে উদ্ধার ২৮ জন। ছবি: সংগৃহীত

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়ার পথে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রলার সৈকতে ভিড়লে স্থানীয়দের খবরে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ট্রলারে থাকা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উদ্ধার হওয়া ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, টেকনাফ থেকে ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে মাছ ধরার একটি ট্রলারে করে মালয়েশিয়া নেওয়ার পরিকল্পনা ছিল। প্রায় এক সপ্তাহ সাগরে থাকার পর ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার রাতে তাদের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে ট্রলার থেকে পালিয়ে যায় চক্রের সদস্যরা।

উদ্ধার ব্যক্তিদের একজন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা একটি বড় ট্রলারে নেওয়া হয়। এরপর কয়েক দিন সাগরে কাটাতে হয় তাদের। ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালালের মধ্যে বিরোধের পর তাদের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে মানবপাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারের উপকূলীয় এলাকায় প্রায়ই মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারের ঘটনা ঘটছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানবপাচারের তৎপরতা বাড়ে। এ সময় পাচারকারী চক্র বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ি এলাকায় আটকে রাখে। পরে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে তাদের মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা করে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad