মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে গুলিবিদ্ধ সেনাসদস্য মারা গেছেন। অভিযানে একটি পিস্তল ও একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে যৌথ বাহিনী। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচজনকে আটকের পাশাপাশি তাদের কাছে জিম্মি ৫৭ জনকে উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত মো. তিতাস শেখ (২৭) বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োজিত ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যু ঘটে।

আইএসপিআর জানিয়েছে, প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। এর ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল অভিযানে নামে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানিক দলটি বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

গোলাগুলির একপর্যায়ে সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad