সোহরাওয়ার্দী হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
নিহত আলম শেখ রাজধানীর রূপনগর এলাকার বাসিন্দা। অন্যদিকে, আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার সময় আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সন্দেহ হয়, তিনি শিশু চুরি করতে এসেছেন।
পুলিশ বলছে, শিশুদের স্বজনরা আলমের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গেছে। একপর্যায়ে কয়েকজন তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডিসি ইবনে মিজান বলেন, নিহত আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবার জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার মূলহোতাকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা করা হবে।
তিনি আরও জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমের মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়।














