বিয়েবাড়িতে ‘অতিরিক্ত মদপান’, অটোরিকশাচালকের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। ছবি: সংগৃহীত

বিয়েবাড়িতে অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে মারা গেছেন রনি হোসেন নামে (৩৭) ঢাকার কদমতলী এলাকার এক অটোরিকশাচালক।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনিকে হাসপাতালে নিয়ে আসেন তার ফুফাতো ভাই রবিউল্লা। তিনি বলেন, “গত ১৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমার ভাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে প্রচুর পরিমাণে মদপান করেন আমার ভাই। এরপর থেকে তিনি বাসায় অসুস্থ অবস্থায় ছিলেন এই দুদিন।”

তিনি আরও বলেন, “আজ তার অবস্থা হঠাৎ একটু বেশি খারাপ হয়ে যায়। সকাল থেকে বলছিল, ‘ভালো লাগছে না আমার’। পরে হাসপাতালে নিয়ে আসি।”

রনি কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। দুই বছর আগে লাইজু নামের এক নারীকে বিয়ে করেন তিনি। চলতি মাসেই তাদের প্রথম সন্তান জন্ম নেওয়ার কথা।

রনির ছোট বোন রানু বলেন, “আমার ভাই তার প্রথম সন্তানের মুখ দেখার আগেই দুনিয়া থেকে চলে গেল। এই মাসেই আমার ভাই-ভাবির প্রথম সন্তান দুনিয়াতে আসবে।”

“কী জীবন হায়রে, নিজের সন্তানের মুখটাও দেখতে পেল না! এমন জীবন যেন কারও না হয়। আমার বাবা-মা নাই, আমার ভাই আর আমি ছিলাম। ভাইকে হারিয়ে আমি একা হয়ে গেলাম।”

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রনির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement