শ্যামলীতে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী পথচারী নিহত

রাজধানীর শ্যামলীতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আরেকজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে শ্যামলী মোড়সংলগ্ন ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম মুক্তা (৪০)। আনুমানিক ৪৫ বছর বয়সী আরেক নারীর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। জানা গেছে, নিহত দুজনই ওই এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মুক্তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমাগারে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, নিহত এক নারীর পরিচয় পাওয়া গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। যে গাড়ি তাদের চাপা দিয়েছে, সেটিও শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আছে।

















