পরিবেশ অস্বাস্থ্যকর, সনদ নেই— হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার মতিঝিলের হিরাঝিল রেস্তোরাঁয় অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
বুধবার মতিঝিলের হিরাঝিল রেস্তোরাঁয় অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের জনপ্রিয় রেস্তোরাঁ হিরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির ও সংরক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সনদ ও প্রমাণক দেখাতে না পারায় তাদের এ জরিমানা করা হয়।

বুধবার (৭ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মতিঝিলের হিরাঝিল হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে ছিল। এ ছাড়া ঢাকনাবিহীন অবস্থায় ময়লাপূর্ণ পাত্র পাওয়া গেছে।

ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হোটেলটিতে কোনো ধরনের লেবেল ছাড়া ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা গেছে। একই সঙ্গে খাদ্যকর্মীদের কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয়।

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার (ঢাকা মহানগর) মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অংশ নেয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement