রাজধানীতে ছিনতাইকারী ধরার অভিযানে হামলা— পুলিশের গুলিতে আহত ২

রাজধানীর শেখেরটেক এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় ‘আত্মরক্ষার্থে’ পুলিশের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। পুলিশে বলছে, গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তিও ছিনতাইকারী।
আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টেসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ছিনতাইকারী ধরতে অভিযানে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।
এডিসি জুয়েল বলেন, পরে তাদের (ছিনতাইকারী) আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে। হামলার সময় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সামান্য আহত হন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


















-93b7bc-256x144.webp)