রামপুরা খালে আফতাবনগর-বনশ্রী ব্রিজের উদ্বোধন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর রামপুরা খালে আফতাবনগর-বনশ্রী ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরা খালে আফতাবনগর-বনশ্রী ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়ন ও উদ্যোগে রামপুরা খালের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার আফতাবনগরে ফলক উন্মোচনের মাধ্যমে ব্রিজটি নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করে দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

ব্রিজটি চালু হওয়ায় রামপুরা খালের দুই পাড়ের ঘনবসতিপূর্ণ আফতাবনগর ও বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। এতদিন খালের এক পাড় থেকে অন্য পাড়ে যেতে পথচারীদের বড় পথ ঘুরে যেতে হতো। এখন তারা সরাসরি খাল পার হতে পারবেন। এতে দুই এলাকার নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আফতাবনগর ও বনশ্রীবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা রেখে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এটি উন্নয়নের মাইলফলক হিসেবে দীর্ঘ দিন ধরে সাক্ষ্য হয়ে থাকবে।

ডিএনসিসির প্রশাসক আরও বলেন, ‘আফতাবনগর এবং বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সংযোগ স্থাপন। এই ব্রিজ নির্মাণের ফলে এখন থেকে নাগরিকদের যাতায়াতে সময় বাঁচবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট, যা নগরবাসীর জন্য অত্যন্ত মূল্যবান। আমরা নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে ও জন দুর্ভোগ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ভবিষ্যৎ নগর পরিকল্পনা ও যানজট নিরসনে নতুন ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, শুধু পদচারী পারাপারের মধ্যেই এই উন্নয়ন সীমাবদ্ধ থাকছে না। এর পাশাপাশি খালের ওপর আরও দুটি স্টিল ব্রিজ নির্মাণের কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহন পারাপার হতে পারবে।

সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধান ও কারিগরি পরিচালনায় সংযোগ ব্রিজ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসকের সঙ্গে সংস্থাটির শীর্ষ কর্মকর্তা এবং প্রকল্পের যৌথ তদারককারী বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়েরুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement