ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১

দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ সাংস্কৃতিক আয়োজনে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে ধানমন্ডিতে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় ধানমন্ডির ২৭ নম্বরে মীনা বাজারের সামনে ‘প্রতিবাদী শিল্পী জনতা’ ব্যানারে এ মানববন্ধন আয়োজনের কথা ছিল। ‘তৌহিদী জনতা’র নামে দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ নানা সাংস্কৃতিক আয়োজনে সন্ত্রাসী হামলা ও আগ্রাসনের প্রতিবাদে কর্মসূচিটি ডাকা হয়।

বিকাল থেকেই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। সেখানে অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু ও দীপক শীলসহ কয়েকজন উপস্থিত হন। পরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দীপককে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।

অভিনেত্রী সুমনা সোমা বলেন, দেশজুড়ে বাউলদের ওপর হামলা এবং সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে তাঁরা সেখানে এসেছিলেন। পুলিশের একজন সদস্য ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যাবে না বলে জানান। এর প্রতিবাদ করার পর দীপককে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সুমনা সোমা আরও বলেন, ‘জয় বাংলা’ বাঙালির অস্তিত্ব ও স্বাধীনতাসংগ্রামের অর্জনের স্লোগান। তাঁদের এই স্লোগান দেওয়া কেউ থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad