‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন’ বলে মাইকিং, ছাত্রলীগ নেতাসহ আটক ২

নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন— এমন প্রচার চালিয়ে মাইকিং করার অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়ন সভাপতি আব্দুল জলিল সরকার। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মান্দা থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করা হয়। পরে সেই প্রচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশার পেছনে মাইক বাঁধা। একজন সেটি চালাচ্ছেন, আর পেছনের আসনে বসে আছেন দুজন। তাদের একজন মাইকে বক্তব্য দিচ্ছেন।
শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানোর পর প্রচারে বলা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশের মাটিতে ফিরবেন। এ সময় দল-মতনির্বিশেষে সবাইকে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিংয়ের খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই মাঠে নামে মান্দা থানা-পুলিশ।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায়, উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আসলাম হোসেনসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিং করে ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার রাতেই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের বাসিন্দা জলিল সরকারকে আটক করা হয়েছে। মাইকিংয়ের বিষয়ে তারা জানতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ সময় প্রচারে ব্যবহৃত অটোরিকশার অডিও রেকর্ডিংও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাইকিংয়ের সঙ্গে জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।














