ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয় পেয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বিএনপি জোটের প্রার্থী হয়ে জেলার গুরুত্বপূর্ণ এ আসন থেকে দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ সালে তিনি এ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সহকারী রিটানিং অফিসারের দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, গরুর গাড়ি প্রতীকে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন এক লাখ চার হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। ইসলামী আন্দোলনের মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।
আন্দালিব রহমান পার্থ দাম্পত্য সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক আত্মীয়। তার স্ত্রী শেখ সায়রা রহমানের বাবা শেখ হেলাল উদ্দীন সম্পর্কে শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। অর্থাৎ শেখ মুজিবুর রহমান সম্পর্কে আন্দালিব পার্থর চাচাশ্বশুর।
সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকলেও শেখ পরিবারের সমালোচনায় কখনো ছাড় দেননি পার্থ। এমনকি সংসদেও তিনি শেখ হাসিনাসহ অন্যদের সমালোচনা করেছেন।



















