বরিশালে ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ বিএনপি নেত্রীর

শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় বরিশালে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানায় তিনি এ অভিযোগ দেন। ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, মহানগর বিএনপির নেতা আফরোজা নাসরিন থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জানতে চাইলে আফরোজা খানম নাসরিন বলেন, আমাদের ওপর যারা হামলা করেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তাদের নাম উল্লেখ করে রোববার রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছি।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহিদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নাসরিন হামলার শিকার হন বলে অভিযোগ করেন।


















