বরিশালে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি বাড়ির পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম আগুনে দগ্ধ হন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের স্বজনদের দাবি, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। শাহ আলমের ছেলে জামাল বলেন, বিস্ফোরণের পর তার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা বাড়ির সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে বিস্ফোরকটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষ হওয়ার আগে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

















