১ ডলারে ৩০ লাখ রিয়াল, ইরানের মুদ্রার মান তলানিতে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ইরানের মুদ্রা রিয়ালের দর আরও কমেছে। দেশটির খোলা বাজারে প্রতি ডলারের বিনিময়মূল্য ৩০ লাখ রিয়াল ছাড়িয়েছে। যুদ্ধের পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি, আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা ও বৈদেশিক মুদ্রার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগেও ইরানের বাজারে প্রতি ডলারের দাম ছিল প্রায় ১১ লাখ ৫০ হাজার রিয়াল। গত সপ্তাহে তা বেড়ে দাড়ায় ২৬ লাখে। অথচ ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার আগেও প্রতি ডলারের বিনিময়মূল্য ছিল ৪০ হাজার রিয়ালেরও কম।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আক্রমণ চালালে শুরু হয় ইরান যুদ্ধ। ওই দিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সপরিবার নিহত হন। এরপর থেকে এখন পর্যন্ত দেশটির কয়েকজন শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন। দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থনৈতিক চাপও আরও বেড়েছে।
পাশাপাশি ইরানের আয়ের উৎস সংকুচিত করতে প্রায় ১০০ দিন আগে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অভিযান শুরু করে মার্কিন অর্থ মন্ত্রণালয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টাও করছে ওয়াশিংটন।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আবদোলনাসের হেম্মাতি শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে স্বীকার করেছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তবে অর্থনীতিবিদদের মতে, সংকটের পেছনে শুধু যুদ্ধ ও নিষেধাজ্ঞা দায়ী নয়। তেহরানভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষক আশকান বাহরামি বলেন, বাজেট ঘাটতি মেটাতে অতিরিক্ত মুদ্রা ছাপানো, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা এবং দুর্নীতিও রিয়ালের দরপতনের বড় কারণ। তার আশঙ্কা, পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মার্চের শেষ দিকে প্রতি ডলারের দাম ৪০ লাখ রিয়ালেও পৌঁছাতে পারে।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে বছরওয়ারি মূল্যস্ফীতি ছিল ৮৮ দশমিক ৭ শতাংশ। ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৭৬ দশমিক ৮ শতাংশ। খাদ্যপণ্যের ক্ষেত্রে বছরওয়ারি মূল্যস্ফীতি ১১৩ শতাংশ ছাড়িয়েছে। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা দ্রুত কমছে।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, এখনই দেশটিতে খাদ্যপণ্যের বড় ধরনের সংকট বা অর্থনীতির সম্পূর্ণ বিপর্যয়ের আশঙ্কা নেই। তেলবহির্ভূত পণ্য, বিশেষ করে পেট্রোকেমিক্যাল, ধাতু ও খনিজ রপ্তানি থেকে পাওয়া আয় দিয়ে প্রয়োজনীয় পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ৩২ বিলিয়ন ডলার সংরক্ষণের কথা জানিয়েছে।
তবে রিয়ালের দরপতনে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ছে। তেহরানের গ্র্যান্ড বাজারের এক ব্যবসায়ী আল-জাজিরাকে বলেছেন, ডলারের বিনিময়মূল্য ঘন ঘন পরিবর্তিত হওয়ায় ক্রেতাদের ফোন ও পণ্যের অর্ডার কমে গেছে। বাড়ি, গাড়ি, ইলেকট্রনিক পণ্যসহ বহু প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
নিষেধাজ্ঞাবিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সমঝোতা হলে স্বল্প মেয়াদে অর্থনীতিতে স্বস্তি আসতে পারে। তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি বদলাতে হলে সরকারি আয়-ব্যয়ের ভারসাম্য এবং আর্থিক ব্যবস্থাপনায় মৌলিক সংস্কার প্রয়োজন।












-4084b9-256x144.webp)





