ট্রাম্পের শুল্কের ঘোষণাকে ‘অগ্রহণযোগ্য’ বলল ব্রাজিল, ‘রাজনৈতিক কারসাজি’র অভিযোগ চীনের

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ‘হুমকি’র কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছে ব্রাজিল। অন্যদিকে, দেশটির বিরুদ্ধে ‘রাজনৈতিক কারসাজি’র অভিযোগ তুলেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি বড় বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর দেশগুলোর মধ্যে এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) ব্রাজিল সরকার এক বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের হুমকির কাছে ব্রাজিল নতি স্বীকার করবে না।’ বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্রের একতরফা এ সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। ব্রাজিলের পাশাপাশি চীনসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বাণিজ্যিক অংশীদার ট্রাম্পের নতুন শুল্কের বিষয়ে আপত্তি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর আমদানি শুল্ক বাড়ানোর পাশাপাশি উড়োজাহাজের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এতে ব্রাজিলের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ের ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়টি নিয়ে বিশেষভাবে ক্ষোভ জানিয়েছে ব্রাজিল সরকার।
বিবৃতিতে দেশটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে তারা। তবে ব্রাজিলের পণ্যের ওপর অবৈধ ও অন্যায্যভাবে শুল্ক আরোপ করা হলে পালটা ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
বাণিজ্য আলোচনা থমকে যাওয়ার পর নতুন শুল্কের ঘোষণা দিতে গিয়ে ব্রাজিলকে আলাদাভাবে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রশাসন দাবি করেছে, নতুন শুল্কের হার গত বছর কয়েক ডজন দেশের সঙ্গে করা বাণিজ্য চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
একটি আইনের আওতায় নতুন শুল্ক আরোপ করা হচ্ছে। ওই আইন অনুযায়ী, যেসব দেশকে যুক্তরাষ্ট্র অযৌক্তিক বা বৈষম্যমূলক বাণিজ্যচর্চায় জড়িত বলে চিহ্নিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে বলেন, দেশটির অনেক বাণিজ্যিক অংশীদার এমন কিছু নীতি অনুসরণ করছে, যা বাজারের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে নিজেদের পক্ষে বাণিজ্য পরিস্থিতি তৈরি করছে। এতে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন শুল্কের হার ইতিমধ্যে সম্পন্ন হওয়া বা আলোচনাধীন বাণিজ্য চুক্তিতে নির্ধারিত নিম্নতর সীমার মধ্যে রাখা হবে।
শুল্ক আরোপের আগে ক্ষতিগ্রস্ত শিল্প খাতগুলোর মতামত নেবে যুক্তরাষ্ট্রের প্রশাসন। এ ছাড়া আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে শুনানির আয়োজন করা হবে। ফলে চূড়ান্ত শুল্ক ফেব্রুয়ারি বা মার্চের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা কম।
চীনের ওপর সর্বোচ্চ শুল্কের প্রস্তাব
নতুন শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে চীন। দেশটির ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের সীমা নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। কিছু ক্ষেত্রে অন্যান্য আমদানি শুল্কের সঙ্গে এটি যুক্ত হয়ে মোট শুল্কের হার ৪৫ শতাংশে পৌঁছাতে পারে। গত বছর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক সমঝোতা হয়েছিল। তবে ২০২৭ সালের ১০ জানুয়ারি ওই সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা।
ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য চীনকে দায়ী করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে পালটা ব্যবস্থা নেওয়ার কোনো হুমকি দেননি তিনি।
ওই মুখপাত্র বলেন, শিল্প খাতে কথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’র সমস্যা আসলে নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এই বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়। তিনি যুক্তরাষ্ট্র ও চীনকে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া চুক্তিগুলো যৌথভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধ কোনো পক্ষের স্বার্থ রক্ষা করে না।
সিএনবিসিকে জেমিসন গ্রিয়ার বলেন, চীনের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী ৩০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যের ক্ষেত্রে ব্যাপক ছাড় দেওয়ার প্রস্তাব করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র কী প্রস্তাব দিচ্ছে, তা তারা জানে। তার মতে, প্রস্তাবিত ব্যবস্থার অনেক বিষয়ই ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে।
তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশ্লেষক মনে করছেন, চীনের বাণিজ্যনীতিতে পরিবর্তন আনার জন্য প্রস্তাবিত শুল্ক যথেষ্ট নয়।
আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ডেরেক স্কিসার্স বলেন, বিশ্বের বাকি দেশগুলোর সম্মিলিত উৎপাদন উদ্বৃত্তের চেয়েও বেশি উৎপাদন সক্ষমতার উৎস চীন। অথচ বুধবারের প্রস্তাবে দেশটির ওপর বিদ্যমান শুল্ক সামান্যই বাড়ানো হয়েছে। এতে চীনের বাণিজ্য আচরণে কোনো পরিবর্তন আসবে না।
আপত্তি ইউরোপীয় ইউনিয়নসহ অন্য দেশগুলোর
নতুন শুল্ক আরোপের ভিত্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি মেনে চলার প্রত্যাশা জানিয়েছে জোটটি।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেন, বিশ্ব জুড়ে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রকৃত উদ্বেগ রয়েছে। এর বড় অংশ রাষ্ট্রীয় নীতির কারণে তৈরি হয়েছে এবং তৃতীয় কয়েকটি দেশে কেন্দ্রীভূত। এ বিষয়ে যৌথ পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশ।
ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা যত দ্রুত সম্ভব শেষ করতে কাজ করছে তারা। এ জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। তদন্তের প্রাথমিক ফলাফল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দেওয়া ভুল তথ্য ও অভিযোগের বিষয়ে পালটা যুক্তি ও মন্তব্যও প্রস্তুত করে জমা দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ঘোষণার পর ভারত সরকার জানিয়েছে, দেশটির কোনো খাতেই কাঠামোগতভাবে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে ভারতের অঙ্গীকারের কথাও জানানো হয়েছে। জেমিসন গ্রিয়ার বলেছেন, বাণিজ্য চুক্তি হলে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কের সর্বোচ্চ হার ১৭ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে।
তাইওয়ানকেও নতুন শুল্কের আওতায় আনা হয়েছে। তবে বৃহস্পতিবার তাইপে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান ১৫ শতাংশ শুল্কের হার ধরে রাখতে তারা আশাবাদী।
চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি সই হয়। এর ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা তাইওয়ানের মোট পণ্যের ৭০ শতাংশের বেশি জুড়ে থাকা সেমিকন্ডাক্টর ও অন্যান্য প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে বিশেষ সুবিধা নিশ্চিত হয়েছিল।
নতুন শুল্কের আওতায় পড়েছে বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চল।
জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেছেন, জাপানকে লক্ষ্য করে এ ধরনের পদক্ষেপের প্রস্তাব ঘোষণা করা দুঃখজনক।
সিঙ্গাপুর সরকারও যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গভীর হতাশা প্রকাশ করেছে। দেশটি তাদের অভ্যন্তরীণ বাজার সুরক্ষা দিচ্ছে কিংবা উৎপাদন খাতে ভর্তুকি দিচ্ছে— এমন অভিযোগও প্রত্যাখ্যান করেছে।
শুল্কনীতি অব্যাহত রাখতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরও ট্রাম্পের নতুন শুল্কনীতি বহাল থাকতে পারে। ডেমোক্র্যাটদের কেউ কেউ বিশেষ করে চীনের ওপর শুল্ক আরোপের পক্ষে অবস্থান নিতে পারেন। এ ছাড়া আমদানি শুল্ক বাতিলের লক্ষ্যে কংগ্রেসে কোনো আইন পাস হলেও তাতে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে ট্রাম্পের।
তবে আগামী বছর কংগ্রেসের অর্থবিষয়ক কমিটির দায়িত্ব নিতে যাওয়া ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন বলেছেন, ট্রাম্পের শুল্কসংক্রান্ত বিশৃঙ্খলা বন্ধ করতে তিনি তার হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবেন।
ওয়াইডেন আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ অবৈধ বৈশ্বিক শুল্কব্যবস্থা নতুন করে প্রতিষ্ঠার আরেকটি স্পষ্ট চেষ্টা। বিশ্ব জুড়ে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা একটি গুরুতর সমস্যা। তবে ট্রাম্পের একতরফাভাবে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার মতো শুল্কনীতি এর সমাধান নয়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।


-4084b9.jpg)









-4084b9-256x144.webp)




