মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা, হামলার শিকার ইরানি বাণিজ্যিক জাহাজ

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টার সময় একটি জাহাজ লক্ষ্য করে গোলা ছোড়ার দৃশ্য। ২৭ নভেম্বর প্রকাশিত ভিডিও থেকে নেওয়া। ছবি: সেন্টকম/রয়টার্স
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টার সময় একটি জাহাজ লক্ষ্য করে গোলা ছোড়ার দৃশ্য। ২৭ নভেম্বর প্রকাশিত ভিডিও থেকে নেওয়া। ছবি: সেন্টকম/রয়টার্স

ইরানের বন্দর ছেড়ে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করায় দেশটির একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী এমভি প্যাসিফিক আর্চার নামের জাহাজটিতে এ হামলা চালানো হয়। এতে জাহাজটির চলাচলের সক্ষমতা নষ্ট হলেও কোনো বেসামরিক নাবিক হতাহত হননি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস ছেড়ে যাওয়ার পর জাহাজটি মার্কিন নৌ অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করছিল। এ সময় মার্কিন সামরিক উড়োজাহাজ থেকে জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে নির্ভুল নিশানায় গোলাবারুদ নিক্ষেপ করা হয়। এতে জাহাজটির প্রপালশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। ফলে জাহাজটি আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারছিল না।

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ গত জুলাইয়ে পুনর্বহাল করা হয়। এর আগে শান্তি আলোচনা চলাকালে গ্রীষ্মে অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছিল। এ মাসের শুরুতে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন ঠেকাতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণাও দেয় ওয়াশিংটন।

সেন্টকমের তথ্য অনুযায়ী, অবরোধ পুনর্বহালের পর থেকে অন্তত ১৫টি জাহাজ অচল করা হয়েছে। এর মধ্যে জুলাইয়ে অবরোধ পুনরায় চালুর পর ছয়টি জাহাজ রয়েছে। এ ছাড়া অবরোধ কার্যকর করতে ১৫৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে মার্কিন বাহিনী।

জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পালটা অবস্থান নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না, আবার যুক্তরাষ্ট্রের অবরোধও বহাল থাকতে দেওয়া হবে না।

ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানিও অবরোধ ভাঙার চেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশটির বন্দরগুলো সচল রয়েছে। জাহাজমালিক ও নাবিকদের পাশে থাকার পাশাপাশি সমুদ্রে জাহাজগুলোকে পাহারা দেওয়া হচ্ছে।

এ হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামুদ্রিক অচলাবস্থা আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চলাচল এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad