বিশ্ববাজারে দরপতন: দেশের বাজারেও কমলো সোনার দাম

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমালো বাজুস। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায় বিক্রি হবে। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উত্তজনা শুরুর পর বিশ্ববাজারে দাম ব্যাপক বাড়লেও বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলারে নেমে আসায় এই সমন্বয় করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৫০০ ডলার নেমে এসেছে।
এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
রাজনীতি/এসআর
















