শেয়ারবাজারে বেড়েছে ব্যাংক, বস্ত্র ও জ্বালানি খাতের লেনদেন

ডেস্ক, রাজনীতি ডটকম
শেয়ারবাজারে বেড়েছে ব্যাংক, বস্ত্র ও জ্বালানি খাতের লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ব্যাংক, বস্ত্র, জ্বালানি ও বিদ্যুৎ এবং ওষুধ ও রসায়ন খাতে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

একই সময়ে সামগ্রিক বাজারে ইতিবাচক রিটার্ন এসেছে ১ দশমিক ১৯ শতাংশ ।

ডিএসইর গত বৃহস্পতিবার প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে খাতভিত্তিক গড় দৈনিক লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বস্ত্র খাত।

মোট লেনদেনের ২২ দশমিক ০১ শতাংশ এসেছে এ খাত থেকে। এ খাতে গড় দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৮০ দশমিক ৩২ মিলিয়ন টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ দশমিক ০৫ শতাংশ বেশি।

জ্বালানি ও বিদ্যুৎ খাতে গড় দৈনিক লেনদেন হয়েছে ১ হাজার ১০৪ দশমিক ৬৬ মিলিয়ন টাকা। আগের সপ্তাহের তুলনায় এ খাতে লেনদেন বেড়েছে ৩৯ দশমিক ২৬ শতাংশ। মোট লেনদেনে এ খাতের অবদান ছিল ১৩ দশমিক ৬৬ শতাংশ।

ওষুধ ও রসায়ন খাতে গড় দৈনিক লেনদেন দাঁড়িয়েছে ৯১৭ দশমিক ৯২ মিলিয়ন টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৪০ দশমিক ৫৬ শতাংশ বেশি। মোট লেনদেনে এ খাতের অবদান ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ।

এ ছাড়া ব্যাংক খাতে গড় দৈনিক লেনদেন ৯৯ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৮৮৯ দশমিক ২২ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন বেড়েছে ৮০ দশমিক ১২ শতাংশ। এ খাতে গড় দৈনিক লেনদেন হয়েছে ৩৩৪ দশমিক ৫৮ মিলিয়ন টাকা।

সাপ্তাহিক প্রতিবেদনে আরও দেখা যায়, ট্যানারি শিল্প খাতে গড় দৈনিক লেনদেন ১০৫ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ৬১ মিলিয়ন টাকায় পৌঁছেছে। সেবা ও আবাসন খাতে লেনদেন বেড়েছে ৬৭ দশমিক ৮৮ শতাংশ। বিবিধ খাতে বেড়েছে ৩৩ দশমিক ০৮ শতাংশ।

অন্যদিকে, জীবন বীমা খাতে গড় দৈনিক লেনদেন ১৯ দশমিক ৩৩ শতাংশ, সাধারণ বীমা খাতে ১৭ দশমিক ১৮ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে ১৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে। সিমেন্ট খাতে লেনদেন কমেছে ২৩ দশমিক ৫১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে ওয়াটা কেমিক্যালসের শেয়ারে। কোম্পানিটির শেয়ারের দাম ৪৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ১৮৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এরপর রয়েছে নাভানা সিএনজি, যার শেয়ারের দাম বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ।

এ ছাড়া ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ২০ দশমিক ১৯ শতাংশ, জাহিনটেক্সের ২০ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের ১৯ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, সপ্তাহের সর্বোচ্চ দরপতন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারে। কোম্পানিটির শেয়ারের দাম ১২ দশমিক ৮৬ শতাংশ কমে ১২ টাকা ২০ পয়সায় নেমেছে। পিপলস লিজিংয়ের শেয়ারের দাম ১১ দশমিক ৭৬ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ১১ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

সপ্তাহে সর্বোচ্চ লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের অবস্থান শীর্ষে। কোম্পানিটির শেয়ারে গড় লেনদেন হয়েছে ২৬৫ দশমিক ৯৫ মিলিয়ন টাকা। এরপর রয়েছে স্পেকট্রা প্রাইমারি কেমিক্যালস (এসপিসিএল), যার লেনদেন হয়েছে ২৬২ দশমিক ৪৯ মিলিয়ন টাকা এবং বিপিপিএল-এর ২২৩ দশমিক ৮০ মিলিয়ন টাকা।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারে, যার পরিমাণ ২০০ দশমিক ৯৭ মিলিয়ন টাকা। এরপর রয়েছে ব্যাংক এশিয়া ও সাইহাম টেক্সটাইলস। —বাসস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad