চলমান আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৩-৪ হাজার কোটি টাকা: বিজিবিএ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান আন্দোলনে এ খাতে অন্তত তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা।
তারা বলছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এ ক্ষতির পরিমাণ প্রতিদিন বাড়তে থাকবে। তৈরি পোশাক খাত ছাড়িয়ে পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস ও সংশ্লিষ্ট অন্যান্য খাতসহ সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক। তা নিয়ে নিম্নতম মজুরি বোর্ড কাজ করছে। আমরা আশাবাদী, এমন একটি সময়োপযোগী মজুরি কাঠামোতে পৌঁছানো যাবে যা যা একদিকে শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সঙ্গত হবে, অন্যদিকে কারখানাগুলোর জন্যও বহনযোগ্য থাকবে।
শ্রমিকদের আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে নতুন পণ্য উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি তৈরি পণ্য নির্ধারিত সময়ের মধ্যে জাহাজীকরণ করা যাচ্ছে না বলেও বক্তব্যে উল্লেখ করেন আবদুল হামিদ। বলেন, আগামী মৌসুমের পণ্য নির্ধারিত সময়ে সরবরাহ করা না গেলে বাড়তি ব্যয়ে উড়োজাহাজে পণ্য পাঠাতে হতে পারে। ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপ আসতে পারে।
এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যাবে চলমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হিসেবে তুলে ধরেন বিজিবিএ সভাপতি। এ আন্দোলনের কারণে ক্রয়াদেশেও (ওয়ার্ক অর্ডার) প্রভাব পড়ছে বলে দাবি করেন তিনি।
আবদুল হামিদ বলেন, চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশে নতুন ক্রয়াদেশ দিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণ কমেও এসেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে অনেক কারখানা পূর্ণ উৎপাদনসক্ষমতা অনুযায়ী পরিচালিত হতে পারবে না। কিছু কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারে।
এমন পরিস্থিতি দেখা দিলে তা তৈরি পোশাক খাতের সক্ষমতা ও রপ্তানি আয়কে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অসংখ্য শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে বলে বক্তব্যে উল্লেখ করেন বিজিবিএ সভাপতি আবদুল হামিদ।
সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।














