১৩ মাস পর সোনার দাম ২ লাখের নিচে, ১০ মাসে ভরিতে কমেছে লাখ টাকা

দেশের বাজারে টানা নবমবারের মতো সোনার দাম কমেছে। এবার প্রতি ভরিতে ছয় হাজার ১৮২ টাকা দাম কমায় সবচেয়ে ভালো ২২ ক্যারেট মানের সোনার ভরি নেমেছে এসেছে দুই লাখের নিচে। গত বছরের ৬ অক্টোবর প্রথমবারের মতো এর দাম দুই লাখ টাকা স্পর্শ করেছিল। সে হিসাবে প্রায় সাড়ে ১৩ মাস পর সোনার ভরি আবার দুই লাখ টাকার নিচে নামল।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন ২২ ক্যারেট মানের সোনার প্রতি ভরির দাম এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
এর আগে বাজুস চলতি বছরের ২৯ জানুয়ারি দেশে ২২ ক্যারেট মাসের সোনার দাম নির্ধারণ করেছিল দুই লাখ ৮৬ হাজার ১ টাকা। দেশের ইতিহাসে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। ওই সময় ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম পড়ত তিন লাখ ৩০১ টাকা।
আজ রোববার থেকে কার্যকর হওয়া দামের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এরপর গত ১০ মাসে প্রতি ভরি সোনার দাম কমেছে এক লাখ ৫ হাজার ৩৩৭ টাকা, যা ২৯ জানুয়ারির তুলনায় ৩৫ শতাংশের বেশি।
বাজুসের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেট মানের দাম এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতিতে সোনার ভরি এখন এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট দুই হাজার ৯১৬ টাকা ও ১৮ ক্যারেট দুই হাজার ৫০৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার দাম এক হাজার ৯২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।
এ নিয়ে চলতি নভেম্বর মাসে সোনার দাম কমলো টানা ৯ দফা। এই ৯ বার মিলিয়ে প্রতি ভরি সোনার দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।
দেশের বাজারের মতো আন্তর্জাতিক বাজারেও সোনার দামে বড় পতন ঘটেছে। এ বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পাঁচ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। এরপর তা কমতে কমতে গত ২০ নভেম্বর তিন হাজার ৫১৯ ডলারে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।













-13b654-256x144.webp)