টানা তিন দফা কমার পর দেশে সোনার দাম বাড়ল

টানা তিন দফা কমানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ সোনা ও সোনা গহনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সকাল ৯টায় বাজুসের মূল্যনির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে নতুন এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সোনার নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়, যা গতকাল ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায়।
তবে সোনার দাম বাড়ানো হলেও বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা রাখা হয়েছে।

















