আওয়ামী লীগের আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে: বিবিএস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিবিএসের ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সেমিনার। ছবি: সংগৃহীত
শনিবার জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিবিএসের ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সেমিনার। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের চেয়ে বেশি দেখানো হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ফরেনসিক অডিটে উঠে এসেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিবিএসের ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। সেখানে বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠা করতে প্রবৃদ্ধির পরিসংখ্যান অতিমূল্যায়ন করা হয়েছিল।

ফরেনসিক অডিটের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশের আশপাশে দেখানো হয়েছে। ২০১৯ সালে তা প্রায় ৮ শতাংশে পৌঁছায়। তবে করোনার বছর ২০২০ সালে প্রবৃদ্ধির হার দেখানো হয়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশ।

দীর্ঘদিন ধরেই এসব পরিসংখ্যানের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছিল। অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ২০২৪ সালের নভেম্বরে বলেছিলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধির যে পরিসংখ্যান দেখিয়েছিল তা সঠিক নয়।’

সেমিনারে জানানো হয়, জিডিপি প্রবৃদ্ধির হিসাব তৈরিতে ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নিজস্ব জরিপ থেকে পাওয়া। এসব তথ্যে কোনো হস্তক্ষেপ ছিল না। বাকি ৪০ শতাংশ তথ্য নেওয়া হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ বোর্ডসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। এসব তথ্যের মধ্যে অসংগতি ছিল বলে ফরেনসিক অডিটে উঠে এসেছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর জিডিপির তথ্যের অতিমূল্যায়ন বেশি ছিল। পতিত সরকার এসব পরিসংখ্যান ব্যবহার করে রাজনৈতিক বয়ান তৈরি করেছিল।

তিনি বলেন, জরিপের বাইরে থেকে সংগ্রহ করা তথ্যগুলোতে গরমিল ছিল। বর্তমানে উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হয়। ভবিষ্যতে আয়ভিত্তিক পদ্ধতিতেও জিডিপি হিসাব চালুর চিন্তাভাবনা রয়েছে।

উপদেষ্টা আরও বলেন, আমাদের সরকারের কাছে জিপিডি কোনো সংখ্যাও নয়, আবার হাতিয়ারও নয়। আমরা চাই মানসম্মত ও সঠিক তথ্য।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad