নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা: ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের চুক্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু করতে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত করপোরেট এজেন্ট চুক্তি সই হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহ আলম।

চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহকরা মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্যবিমাসহ বিভিন্ন ধরনের নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বিমা দাবির অর্থ সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে পরিশোধের গুরুত্ব তুলে ধরা হয়। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের জন্য সহজ, কার্যকর ও গ্রাহকবান্ধব বিমা দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

দুই প্রতিষ্ঠানের এ অংশীদারত্ব গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করার পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad