মদ-জুয়া, নাইটক্লাবের বিল দেওয়া যাবে না ইসলামিক ক্রেডিট কার্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ ব্যাংক। লোগো
বাংলাদেশ ব্যাংক। লোগো

শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণ ও ডিজিটাল লেনদেন বাড়াতে নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। এই নীতিমালায় বলা হয়েছে, ‘ইসলামিক ক্রেডিট কার্ডে’র ব্যবহার হতে হবে সম্পূর্ণ সুদমুক্ত ও শরিয়াহসম্মত। আর তা নিশ্চিত করতেই এই কার্ড ব্যবহারের ক্ষেত্রে আরোপ করা হয়েছে বিধিনিষেধ।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নীতিমালা অনুযায়ী, অ্যালকোহল, জুয়া, নাইটক্লাব, প্রচলিত বিমা কোম্পানি, অবৈধ ডেটিং বা ম্যাচমেকিং এবং শূকরের মাংস সংক্রান্ত ব্যবসাপ্রতিষ্ঠানে ইসলামিক ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পরিশোধ করা যাবে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এই নীতিমালার প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, শরিয়াহবহির্ভূত খাতে ইসলামিক কার্ডের ব্যবহার নিষিদ্ধ। ফলে এই কার্ড দিয়ে শরিয়াহবিরোধী বা বেআইনি কোনো পণ্য বা সেবা কেনা যাবে না। এটি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সিস্টেম লেভেলে ‘মার্চেন্ট ক্যাটাগরি কোড’ ব্লক করে রাখতে বলা হয়েছে।

কোনো গ্রাহক বেআইনি লেনদেন করলে ব্যাংক অবিলম্বে কার্ড বাতিল করবে এবং বাংলাদেশ ব্যাংককে জানাবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক শুধু কার্ড ইস্যু, নবায়ন, প্রতিস্থাপন, নেটওয়ার্ক সুবিধা এবং হিসাব রক্ষণাবেক্ষণের মতো নির্দিষ্ট সেবার জন্য নির্ধারিত ‘উজরহ’ বা মাশুল নিতে পারবে। এই মাশুল কোনোভাবেই গ্রাহকের বকেয়া স্থিতি, ঋণের সীমা বা পরিশোধের বিলম্বের ওপর ভিত্তি করে পরিবর্তন করা যাবে না।

গ্রাহক সময়মতো বিল পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কোনো ‘বিলম্ব জরিমানা’ নিজের আয় হিসেবে নিতে পারবে না। তবে গ্রাহক চুক্তির সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দাতব্য সংস্থায় দান করার প্রতিশ্রুতি (ইলতিজাম বি আত-তাবাররু) দেবেন। ওই অর্থ ব্যাংকের মূল আয়ের বাইরে একটি পৃথক দাতব্য হিসাবে জমা হবে এবং শরিয়াহ কমিটির তত্ত্বাবধানে তা দান করা হবে।

কার্ডের সুরক্ষা নিশ্চিত করতে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ বাংকে নিবন্ধিত যেকোনো ইসলামি ব্যাংক বা সাধারণ ব্যাংকের ইসলামিক উইন্ডো বা শাখা এই কার্ড ইস্যু করতে পারবে। বৈদেশিক মুদ্রা বা দ্বৈত মুদ্রার কার্ডের ক্ষেত্রে ব্যাংকটিকে অবশ্যই অনুমোদিত ডিলার হতে হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement