বিদেশে চিকিৎসার জন্য ডলার সীমা বেড়ে ৩০ হাজার

বিদেশে গিয়ে চিকিৎসার জন্য বিদেশি মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন যে কেউ চিকিৎসার জন্য পূবানুমতি ছাড়া ১৫ হাজার ডলার খরচ করতে পারত। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিদেশে পড়ালেখার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ১৫ হাজার ডলারের পরিবর্তে ৩০ হাজার ডলার পাঠানো যাবে।
এদিকে বিদেশে স্কুলপর্যায়ের পড়ালেখার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করাতে হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল এতদিন। নতুন সার্কুলার অনুযায়ী এখন থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়ালেখার জন্যও বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে।
তবে এ ক্ষেত্রে একটি শর্তও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শর্তটি হলো— ওই পড়ালেখা অবৈতনিক বা ফ্রি শিক্ষার সুযোগ নেই— সেটি যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।
সার্কুলারে ব্যক্তিগত ভ্রমণ, বিদেশে চিকিৎসা, পড়ালেখা ও অন্যান্য অনুমোদিত খাতে ব্যক্তিপর্যায়ে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের অর্থ জমার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়মে বলা হয়েছে, বাংলাদেশে বসবাসকারী কোনো বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশে আনলে তা আরএফসিডি হিসাবে জমা রাখতে হলে সংশ্লিষ্ট অর্থ কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমইউ ফরমে ঘোষণা করতে হবে। অর্থাৎ কাস্টমসে ঘোষণা করা বৈদেশিক মুদ্রাই এ ধরনের হিসাবে জমা রাখা যাবে।













